রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। শনিবার (৫ সেপ্টম্বর) ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়ার বাজারের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘আপনারা [১১ দলীয় জোট] ক্ষমতায় আসছিলেন; রেজওয়ানার মতো কিছু হারাম মেয়ে ছিল বিধায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না। আল্লাহর রসুলে বিশ্বাস করে না। যার কারণে তারা মুসলমানদের ক্ষমতায় আসতে দেয় নাই।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, নিজের ভারে নিজে পড়ে যাবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কর্নেল অলি বলেন, ‘তারেক সাহেব এসে দেখে যান, জনগণ কী বলে। যেখানে যায় একটা কথাই শুনি, এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না।’

তিনি বলেন, ‘আপনার রাষ্ট্রপতি, বিএনপির রাষ্ট্রপতি, আপনার এককালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। এখন আমরা কী বলব, এটা তো ফখরুল সাহেব বলেই গেছেন। আমরাও বলি, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।’

অলি আহমেদ বলেন, ১১ দলীয় জোট ছাড়া এই দেশে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এটা তারেক সাহেবকে বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে।’