হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের জন্য নতুন নিরাপত্তা ও কাজের নির্দেশনা জারি করেছে নেপাল। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় কাজ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মানুষের মরদেহ উদ্ধার এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের কাজের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় নতুন নিরাপত্তা প্রটোকল জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি নির্ধারিত পথ ও চলাচলের বিধিনিষেধ অনুসরণ করতে হবে এবং কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে তা মানতে হবে।
অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধার এলাকায় প্রবেশ করা যাবে না। উদ্ধারকাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা এবং নিষিদ্ধ বা সীমিত অপারেশন এলাকায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করা এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
হিমালয় সীমান্ত অঞ্চল থেকে নেমে আসা ভোতেকোশি নদীর পানিতে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও।
এদিকে বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছে নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগ। গত ৩ সেপ্টেম্বর জারি করা এক নোটিশে বলা হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহে যেতে হলে বিদেশি সাংবাদিকদের অনলাইনে ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ এবং সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে বৈধ ভিসা বা প্রবেশ অনুমতিসহ পাসপোর্টের কপি, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র জমা দিতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের দেওয়া ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্র সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।