রাজধানীর লালবাগে ‘বার্গার খোর’ নামে একটি রেস্টুরেন্ট থেকে বিএনপির এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে লালবাগ থানার বড় ভাট মসজিদ এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারসংলগ্ন ওই রেস্টুরেন্টে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. রবিন হোসেন (৩৯), মো. আমির হোসেন (৪৯), রাশেদ আহাম্মেদ (৪২) ও মো. আলী আজম (৫১)। তারা সবাই লালবাগ এলাকার বাসিন্দা। আলী আজম লালবাগ থানার নবগঠিত কমিটির থানা বিএনপির সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আটক রাশেদ আহাম্মেদ ‘বার্গার খোর’ রেস্টুরেন্টের মালিক। তিনি সাবেক আওয়ামী লীগের নেতা বলেও স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, বড় ভাট মসজিদ স্টাফ কোয়ার্টারসংলগ্ন রেস্টুরেন্টটিতে চারজন অবস্থান করছেন—এমন খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লালবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, স্থানীয়দের খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।