রংপুরে চার খুন

লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় আদালতে শান্ত দাসের জবানবন্দী

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যা মামলায় শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের বিষয়ে প্রতিবেশী শান্ত দাস আদালতে জবানবন্দী দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক এসএম রফিকুল ইসলামের আদালতে সাক্ষী হিসেবে শান্ত দাসকে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী।

শান্ত দাস আদালতে জবানবন্দীতে জানায়, চার হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মুগ্ধ দাসের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ডাব গাছের নিচ থেকে স্বর্ণালংকার উদ্ধার করে। যা শান্ত দাস উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কৌসুলি অ্যাডভোকেট কাওসার আলী।

তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো শান্ত দাসের সামনেই পুলিশ ডাব গাছের নিচ থেকে উদ্ধার করে। যা দেখিয়ে দেয় অভিযুক্ত মুগ্ধ দাস। চাঞ্চল্যকর চার হত্যা মামলায় গণপতি চক্রবর্তীর দুটি ব্যাংক হিসাবে টাকার বিষয়েও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর ডিবির ওসি জিন্নাত আলী বলেন, সাক্ষী হিসেবে শান্ত দাস আদালতে জবানবন্দী দিয়েছে। তার জবানবন্দী মামলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু আমি বলতে পারবো না।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার খুনের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শশ্মানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দী দিয়েছে।