গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন মঞ্জুর

চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় পিকআপ ভ্যানের চাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুরের মৃত্যুর ঘটনায় করা মামলায় সরকারি গাড়িচালক বাবলা ঘোষের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। বাবলা ঘোষ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গাড়িচালক।  

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী নাজনীন সুলতানা জানান, মামলার তদন্ত শেষে গাড়িচালক বাবলা ঘোষকে আসামি করে গত ৩০ আগস্ট আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। রোববার গাড়ি চালক বাবলা ঘোষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আগামী ৪ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গত বছর ২৫ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন আইন এবং পশু হত্যার অভিযোগে পরিবেশকর্মী তোফায়েল আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন। 

এজাহারে বলা হয়, ৪ ডিসেম্বর রাত ১১টার পর ডিসি হিলের মূল ফটক দিয়ে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হচ্ছিল। এসময় ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসে ছিল। নিরাপত্তাকর্মী কুকুরটি সেখানে বসে থাকার বিষয়টি দেখলেও সেটিকে সরাননি এবং গাড়িচালককেও থামাননি। পিকআপ ভ্যানটি কুকুরটিকে চাপা দিলে কুকুরটি মারা যায়। ঘটনাটি ডিসি হিলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ডিসি হিলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন রয়েছে।