হট্টগোলের পর কুড়িগ্রামে পুলিশি পাহারায় সার বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় থানার ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচাকাটা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কচাকাটা বাজারে সার ডিলার ‘কাশেম ট্রেডার্স পয়েন্টে’ সারের জন্য সকাল ৯ টার দিকে জড়ো হয় প্রায় দুই শতাধিক মানুষ। তখনো ডিলারের লোকজন সেখানে উপস্থিত হয়নি। এসময় ধৈর্য হারিয়ে হট্টগোলের একপর্যায়ে দোকানটির বেড়া (টিনের প্রাচীর) ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ কচাকাটা থানা পুলিশের একটি টিমের সহায়তায় সেখানে সার বিতরণ করা হয়। 

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, দোকান ঘরে ভাঙচুর হয়নি। তবে দেড় থেকে দুইশত মানুষ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে ঘরের বেড়ার টিন ভেঙে যায়। কিছুক্ষণেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, লোকজন অস্থির হয়ে গেছে। সবাই একসঙ্গে সার চায়। এটা তো সম্ভব নয়। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে।