জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে: আইসিটি মন্ত্রী

২০২৪ সালের ১৮ থেকে ২৩ জুলাই ও ৫ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইনভিত্তিক বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারীদের বিপুলসংখ্যক উদ্যোক্তা ও নারী কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হন বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে আইসিটি মন্ত্রী এসব কথা বলেন। 

তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২০২৪ সালের ১৮-২৩ জুলাই এবং ৫ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ইন্টারনেট সেবা বন্ধ থাকার ফলে বিভিন্ন অনলাইনভিত্তিক বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসা পরিচালনাকারী বিপুলসংখ্যক উদ্যোক্তা ও নারী কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হন। এছাড়াও ই-কমার্স ব্যবসা, অনলাইন টিকিটিং, দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট কার্যক্রম, অনলাইনভিত্তিক ব্যাংকিং ও মোবাইল আর্থিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।

একইসঙ্গে বিদেশে অবস্থানরত এক কোটিরও বেশি বাংলাদেশি ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে দেশের ব্যবসা-বাণিজ্য, জনসাধারণের আর্থিক লেনদেন থেকে শুরু করে জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রদানসহ জুলাই-আগস্টের সংগঠিত গণহত্যা সম্পর্কিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগণ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। তবে মন্ত্রী কত টাকার ক্ষতি হয়েছে তা তুলে ধরেননি।