আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার

কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন

‘কোনো দলের আনুগত্য না করে’ চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কোনো দলের আনুগত্য করার দরকার নেই। ক্ষমতাসীনের কেউ হোক কিংবা অন্য যেকোনো দলেরই হোক, যারা চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা।’

চট্টগ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত এনসিপি নেতা দেলোয়ার হোসেনকে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এলাকা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মারামারির ঘটনাও ঘটছে। এমনকি মহিষ চালানোর জন্যও চাঁদা দাবির মতো ঘটনা ঘটছে।

দেলোয়ার হোসেনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে এনসিপির কোনো নেতা কিংবা সাধারণ মানুষকে এভাবে হামলার শিকার হতে হতো না। দেলোয়ার হোসেনের ওপর হামলার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি চিত্র সামনে এসেছে।

হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের পর ছয় মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবনতির চিত্র দেখা যাচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, চাঁদাবাজি, দখলদারি ও সংঘাতের এমন পরিবেশ জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বা অরাজনৈতিক যে কারণেই কোনো মানুষ আক্রান্ত হোক, সরকারকে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।