ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে বদল করেছে পাকিস্তান। এমন অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে পাকিস্তান দলে এই পরিবর্তনের পেছনের ‘আসল পরিকল্পনা’ জানালেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক তারকা এই পেসার মনে করেন, পিসিবির এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। বর্তমান দলকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনা করছে বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পাকিস্তান দলের ওপর পিসিবির আর তেমন আস্থা নেই। ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করতে চাইছে বোর্ড।
শোয়েব আখতার বলেন, ‘পিসিবি নিজেরাই এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ। তারা এই পাকিস্তান দলের কাছ থেকে আর কিছু আশা করছে না। তাই পরিকল্পনা হলো, এই দলটাকে সরিয়ে তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে আসা। যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিকভাবেই কাজ করছে।’
দলে এই বড় পরিবর্তনের মধ্যেও তিন পেসারকে ধরে রাখার পক্ষে শোয়েব। তার পছন্দ শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। বিস্ময়করভাবে, তার তালিকায় নেই টেস্ট অধিনায়ক বাবর আজমও।
পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেন, ‘এই পরিবর্তনের সময়ে আমি শুধু শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার বাঁচাতে চাই। এই তিনজনের সামনে এখনও অনেক ক্রিকেট পড়ে আছে।’