হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু

ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাসিংমিলের মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাসিং মিল’-এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত নুরুল ইসলাম ছোট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে শহরের মুক্তাবাজার এলাকায় চাল ও মশলা ভাঙানোর ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুক্তাবাজারের জুলাই চত্বর সংলগ্ন নিজের ক্র্যাশিং মিলে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় মশলা গুঁড়ো করার কাজে নিয়োজিত অবস্থায় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টের সঙ্গে জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি বেল্ট ও চালক যন্ত্রের সঙ্গে পেঁচিয়ে মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।