‘আশিকি’ খ্যাত বলিউড তারকা রাহুল রায় দীর্ঘ চার বছর পর অবশেষে তার জীবনসংগ্রাম নিয়ে মুখ খুললেন। ২০২০ সালে ভয়াবহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কীভাবে তার সাজানো জীবন ওলটপালট হয়ে গিয়েছিল, উঠে এসেছে সেই আর্থিক টানাপোড়েনের গল্প। ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আই’ দিয়ে নব্বইয়ের দশকে লাখো তরুণ-তরুণীর হৃদয় জয় করা এই অভিনেতা দীর্ঘ চিকিৎসা শেষে এখন আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আর্থিক সংকট ও ভাইয়ের সঙ্গে চলমান আইনি জটিলতা নিয়ে কথা বলেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান, মামলাটিতে ৩০ লাখ রুপির একটি বিষয় জড়িত রয়েছে, যা নিষ্পত্তি করতে দুজনেই কাজ করছেন। এ ছাড়া স্ত্রী-বিচ্ছেদের সময় নিজের সম্পদ সাবেক স্ত্রীকে হস্তান্তর করার কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘আমার বয়স এখন ৬০ হতে চললো, অথচ আমি নতুন করে আমার আবার সবকিছু গড়ে তোলার চেষ্টা করছি।’
ব্রেন স্ট্রোকের প্রভাবে ক্যারিয়ার যে থমকে গিয়েছিল, তা মেনে নিয়ে রাহুল বলেন, ‘গত পাঁচ বছর আমার চিকিৎসার মধ্যেই কেটেছে, যা ছিল একপ্রকার বিরতির মতো। কোনও কাজ ছিল না। ওটা না হলে আমি হয়তো আরও অনেক কাজ করতাম। তবে এখন কিছুটা কাজ পাচ্ছি এবং আরও বেশি কাজ করতে চাই। আবারও সেটে ফিরে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। যারা আমাকে বিশ্বাস করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘সিনেমায় আমার ৩৭ বছরের পথচলায় বেশ কিছু ভালো কাজ করেছি বলে মনে করি, এখন নতুন কাজের অপেক্ষায় আছি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়েবাড়িতে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর যেসব সমালোচনার মুখে পড়েছেন, তার জবাবও দিয়েছেন এই অভিনেতা। রাহুল রায় জানান, আমার খরচ আছে এবং আমার টাকার প্রয়োজন। ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া বেশ কঠিন ছিল। পাঁচ বছর হয়ে গেছে, বিষয়গুলো স্বাভাবিক রাখতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কখনও কখনও বিয়েবাড়িতে নেচে ২ থেকে ৪ লাখ রুপি আয় করি। যারা আমাকে ট্রল করে, তারা জানে না এটা কতটা কঠিন কাজ। আমাকেও তো ডাল-ভাতের সংস্থান করতে হবে।
সূত্র: এনডিটিভি