ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে তা নিয়ে ঘাতক বাসটি প্রায় আধা কিলোমিটার পথ চলে যায়।

নিহত ব্যক্তিরা হলেন—পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আরিফুর রহমান (২৮) এবং বরিশাল জেলার গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। তারা ঢাকা থেকে মোটরসাইকেলে চড়ে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাবলতলা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক (বরিশাল) থেকে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলসহ আরোহীরা বাসের নিচে ঢুকে যান। দুর্ঘটনার পরও বাসটি না থেমে মোটরসাইকেলটি আটকে থাকা অবস্থাতেই কয়েক শ মিটার টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।