অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ পুরুষ দল। অন্যদিকে, টানা তিন ম্যাচেই জয়ের দেখা পেলেছে নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে হারিয়ে হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে বাংলার মেয়েরা।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের দখলে। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। মধ্য বিরতির পরের কোয়ার্টারেও বাংলাদেশ গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করায় ৪-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। রিমন দুটি ও লিজা ও লিমা একটি করে গোল করেন।
বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার গ্রুপে রয়েছে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং।
চ্যালেঞ্জার গ্রুপে স্থানের উপর এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী প্রতিপক্ষ ঠিক হবে। এ দিকে বাংলাদেশ পুরুষ দল বিকেলে কাজাখস্তানের বিপক্ষে খেলবে।