কারিগরি শিক্ষায় ভর্তি বাড়াতে লিফলেট, মাইকিং ও ভিডিও প্রচারের নির্দেশ

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে দেশব্যাপী প্রচারণামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি ও কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা তুলে ধরতে জনবহুল স্থান, হাট-বাজার ও পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার স্থাপন, মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-০২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে অধিদপ্তরের আওতাধীন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে এসএসসি (ভোকেশনাল), প্রি-ভোকেশনাল (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সেও শিক্ষার্থী ভর্তি করা হয়।

অধিদপ্তরের মতে, কারিগরি শিক্ষার প্রসার এবং এর সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে এসব ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার প্রয়োজন।

এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জেলা ও উপজেলা পর্যায়ের জনবহুল স্থান, হাট-বাজার এবং পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, ব্যানার ও পোস্টার স্থাপন এবং মাইকিং করতে বলা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি প্রচারসহ অন্যান্য কার্যকর প্রচারণামূলক কার্যক্রমও চালাতে হবে।

প্রচারণার ব্যয় নির্বাহের বিষয়ে চিঠিতে বলা হয়, রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্দ থাকা অর্থ অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এ ব্যয় মেটানো যাবে। তবে এক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।