জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিবুল হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরের কুশনা ইউনিয়নের তালসার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে গেলে তার পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তদন্তে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
আটক রাকিবুল হাসান কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামের মহসিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান এর আগেও তালসার বাজারে গিয়ে নিজেকে এনএসআইয়ের উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দিতেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করতেন এবং সুযোগ বুঝে অনৈতিক সুবিধা নিতেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবারও তিনি তালসার বাজারে গিয়ে নিজেকে এনএসআইয়ের উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পার্শ্ববর্তী তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে পুলিশের সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে তাকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, সরকারি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত বা হয়রানি করা হলে তা উদ্বেগের বিষয়। এর আগে তিনি কোথাও একই পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এনএসআই কর্মকর্তার ভুয়া পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী মামলা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় ও কর্মকাণ্ড যাচাইসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।