ব্যালন ডি’অর

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

কেপ ভার্দের হয়ে বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজিনহা এবার জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির সংক্ষিপ্ত তালিকায়। পুরুষ বিভাগে এ পুরস্কারের জন্য মোট ১০ গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের আসরে কেপ ভার্দের গোলপোস্টের নিচে ভোজিনহার পারফরম্যান্স তাকে আলাদা করে আলোচনায় এনেছিল। দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেই এবার ব্যালন ডি’অরের মঞ্চে মনোনয়ন পেলেন তিনি।

তবে এবারের তালিকায় জায়গা হয়নি গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মার। অন্যদিকে বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া রয়েছেন মনোনয়ন তালিকায়। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে রায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তার মনোনয়নের অন্যতম কারণ।

তালিকায় আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও।

পুরুষ বিভাগে ইয়াশিন ট্রফির জন্য মনোনীত ১০ গোলরক্ষক হলেন—ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন) এবং ভোজিনহা (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।

নারী বিভাগে পাঁচজন
নারী বিভাগেও ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন পাঁচ গোলরক্ষক। গতবারের পুরস্কারজয়ী হানা হ্যাম্পটন এবারও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।

তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জার্মানির অ্যান-কাটরিন বার্গার, স্পেনের কাটা কোল, ব্রাজিলের লোরেনা এবং জাপানের আয়াকা ইয়ামাশিতা।