ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজস্ব মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান অর্থমন্ত্রী।
রাজস্ব বাড়াতে একদিকে করের আওতা বাড়ানো, অন্যদিকে ব্যবসায়ীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ মাথায় নিয়ে কাজ করছে এনবিআর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এনবিআর ভবনে আসেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমন্বয় সভার অংশ হিসেবে সংস্থাটির কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, করদাতাদের কোনো ধরনের হয়রানি করে কর আদায় করতে চায় না সরকার।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসার অসুবিধা করে কোনো টেক্স কার্যক্রম আমরা পরিচালনা করব। অবশ্যই তাদের ন্যায্য টেক্স দিতে হবে। কারণ তাদের টেক্সেই তো দেশ চলছে। তাদের অসুবিধা বা হয়রানি করে কোনো টেক্স কার্যক্রম যেন না চলে।’
অর্থমন্ত্রী জানান, শুধু রাজস্ব আদায় নয়, ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেই রাজস্ব আদায়ের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষ যেন হয়রানি না হয়। মানুষ যেন আনন্দের সাথে টেক্স দেয় ওই পরিবেশ সৃষ্টি করতে হবে। ভালো রেসপন্স পাচ্ছে। যারা টেক্স দেয় তাদের সাথে কথা বলতে হবে তো। আমরা তো বিচ্ছিন্ন কিছু হতে পারব না।’
প্রতি মাসে ভ্যাট আদায় ও তিন মাসের ভ্যাট রিটার্নের জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।