এবার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সাবেক সতীর্থ ও বন্ধুর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক বিষয় যাই হোক, ইমরানের স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা উচিত নয়।
দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘তিনি আমার বন্ধু। আমি তাকে খুব মিস করি। তিন বছর ধরে তার সঙ্গে আমার কথা হয়নি। রাজনৈতিকভাবে তার সঙ্গে যা ঘটছে, তা খুবই দুঃখজনক। আদালত আদালতের মতো চলবে। কিন্তু তার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে কোনো আপস করা যায় না।’
তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার। সম্প্রতি ২২ জন সাবেক ও বর্তমান অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি দিয়ে ইমরানের মৌলিক মর্যাদা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
বর্তমান অধিনায়কদের মধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স প্রথম এ উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এর আগে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারাও ইমরানকে যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও ইমরানের মুক্তি ও তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন অনেকে। শুরুটা হয়েছিল জাভেদ মিয়াঁদাদের আবেগঘন এক সাক্ষাৎকার দিয়ে। কাঁদতে কাঁদতে তিনি ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মঈন খান ও রমিজ রাজাও একই সুরে কথা বলেন।
আকরামও সেই তালিকায় যোগ দিয়েছেন। আকরাম বলেন, ‘অবসর নেওয়ার পরও আমি আর তিনি নিয়মিত যোগাযোগ রাখতাম। আমি তার কাছে যেতাম, তার সঙ্গে সময় কাটাতাম। আমি তার সঙ্গে কথা বলা মিস করি। রাজনীতির কথা বাদ দিন, একজন বন্ধু হিসেবে আমি তাকে মিস করি।’
ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নিয়েও কথা বলেন আকরাম। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ চলাকালে লর্ডস টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস ইমরানের দুই ছেলে সুলেইমান ও কাসিমের সাক্ষাৎকার প্রচার করে। সেখানে তারা কারাগারে থাকা বাবার জীবন ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান।
পরে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ওই সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কাই স্পোর্টসের কাছে অভিযোগ করেছিল। এ ঘটনায় সম্প্রচার কিছু সময় পিছিয়ে যায়। এমনকি প্রতিবাদ হিসেবে পাকিস্তান দলের মাঠে নামা নিয়েও আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচারিত হয় এবং নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান দল।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘সাক্ষাৎকারের পর পাকিস্তানে এ নিয়ে কিছুটা হইচই হয়েছিল। পরে আমি পড়েছি, ইমরানের সঙ্গে কতবার সাক্ষাৎ হয়েছে, কতগুলো ফোনকল হয়েছে—পাকিস্তান সরকার সব সংখ্যাসহ তুলে ধরেছে। কিন্তু আপনি জানেন, এখন এসব বিশ্বাস করা কঠিন। এই মুহূর্তে কী বিশ্বাস করব, সেটাও বোঝা কঠিন।’
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে আকরাম আরও বলেন, ‘ইমরানের জন্য পরিস্থিতি উন্নত করার জন্য ইংল্যান্ড ও অন্যান্য জায়গায় আন্দোলন চলছে। কিন্তু এখানে, পাকিস্তানে? আমি নিশ্চিত নই। আমি একজন মানুষ হিসেবে তাকে নিয়ে উদ্বিগ্ন। আমি কথাগুলো বলছি হৃদয় থেকে। তিনি দোষী সাব্যস্ত হোন বা না হোন। জেলে থাকুন বা না থাকুন। আমাদের তার স্বাস্থ্য সুরক্ষিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কী ঘটছে, আমরা জানি না। সরকার বলছে, তার স্বাস্থ্য নাকি ভালো। কিন্তু আমি উদ্বিগ্ন। আমি তাকে খুব মিস করি।’