সবুজবাগ থানার ওসির বদলির আদেশ কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করল ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে বদলির আদেশ জারির কয়েক ঘণ্টার মাথায় তা বাতিল করা হয়েছে। ফলে তিনি বর্তমান কর্মস্থলেই বহাল থাকছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানা গেছে। তবে ঠিক কী কারণে বদলির আদেশটি এত দ্রুত বাতিল করা হলো, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ডিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার জারি করা প্রথম কার্যালয় আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়েছিল। তার স্থলে ডিবি তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে আদেশ জারির কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেল পাঁচটার দিকে আরেকটি সংশোধিত আদেশ জারি করে সদর দপ্তর। এতে মো. সাইফুল ইসলামের বদলি আদেশটি স্থগিত করে তাকে সবুজবাগের ওসি পদেই বহাল রাখা হয় এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ডিবিতেই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

একই দিনের প্রথম আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়। এর মধ্যে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে বদলি করা হয়েছে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে। এছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশনস) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়ন ও বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।