জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত এসব কমিটির কোনোটিতেই বিরোধীদল থেকে কাউকে সভাপতি পদে রাখা হয়নি। একই সঙ্গে আগে গঠিত পানিসম্পদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দুটিতে সদস্য পরিবর্তন করে পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন পায়। সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর সদস্যদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নবগঠিত কমিটিগুলোর সভাপতির দায়িত্ব পেয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। তিনি একই সঙ্গে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।
অন্য কমিটিগুলোর মধ্যে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবিকে রেলপথ মন্ত্রণালয়, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
এদিকে দুটি সংসদীয় কমিটিতে রদবদল আনা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমকে সরিয়ে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরেক সদস্য কামরুল হাসানকে সদস্য করা হয়েছে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটির বিধান রয়েছে, যার মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। নতুন পাঁচটিসহ এ পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠন সম্পন্ন হলো। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬টিতে এবং বিষয়ভিত্তিক কমিটি গঠিত হয়েছে ৯টি।