হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে পরিচালিত এক বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযানে প্রায় ৩ টন ওজনের এই সাবমেরিনটি জব্দ করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আইআরজিসির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আটককৃত ডুবোযানটি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) মডেলের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন। লম্বায় ৫ দশমিক ৮ মিটার বিশিষ্ট এই বিশেষ ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’। গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও অভিযান পরিচালনার উপযোগী করে এটি নকশা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ও তার মিত্রদের আধুনিক প্রযুক্তিগত সুরক্ষা দিতে এ ধরনের সরঞ্জাম তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর চৌকস সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর এ অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।

আইআরজিসি আরও উল্লেখ করেছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত চালকবিহীন এই সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল। বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারির কাজে নিয়োজিত ছিল বলে দাবি করেছে তারা।