ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি জাতীয় পদক অর্জন

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড এসটিইএম অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে।

সোনারগাঁও ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’-এর তিনটি দল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির দলগুলো এ সাফল্য অর্জন করে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী দলগুলোর মধ্যে ‘স্টিংরে হান্টার-এক্স’ ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে রৌপ্যপদক অর্জন করে।

পানির নিচে স্বয়ংক্রিয় অনুসন্ধান, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনায় সক্ষম নদী পুনরুদ্ধার ও উদ্ধারব্যবস্থা সংবলিত স্বয়ংক্রিয় পানির নিচের রোবট প্রকল্প উপস্থাপন করে দলটি এ পদক অর্জন করে। দলটির সদস্যরা হলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জুনাইদ আহমেদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরফাত উজ জামান, এহসান সাজিদ ও রাফসান রাহাত।
এসইউ অ্যাস্ট্রো নোভা’ দলটি রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। সামরিক ও নিরাপত্তাব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতাসম্পন্ন দ্বিতীয় সংস্করণের স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ রোবট প্রকল্প উপস্থাপন করে দলটি।

এই দলের সদস্যরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আকরাম এফ. মনি ও রেজাউল করিম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলে রাব্বি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরমান।

এ ছাড়া গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ‘রোবো ভেন্ড পিআরএস’ দল। প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি ত্রিমাত্রিক প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরিতে কার্যকর সমাধান হিসেবে প্লাস্টিক পুনর্ব্যবহারভিত্তিক স্বয়ংক্রিয় সংগ্রহব্যবস্থা প্রকল্প উপস্থাপন করে দলটি। এই দলের সদস্যরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুজ্জামান হৃদয় ও তাওসিফ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের খুশি আক্তার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তামান্না আক্তার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নূরে আফ্রিদি চৌধুরী।

‘এসইউ ইনোভেশন হাব’-এর পরিচালনায় গত এক বছরে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রায় ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার পাশাপাশি একাধিকবার ‘সেরা ক্লাব’-এর সম্মাননা অর্জন করেছেন।

বর্তমানে ইউনিভার্সিটির ‘এসইউ ইনোভেশন হাব’-এ পানির নিচে উদ্ধারকারী রোবট, ফায়ার ফাইটিং রোবটসহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মোট পাঁচটি রোবট রয়েছে।

এ ছাড়া ‘এসইউ উদ্ভাবন কেন্দ্র’ টিম তাদের মার্স রোভারের নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। গবেষণা ও উদ্ভাবনকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে ‘এসইউ ইনোভেশন হাব’ শিক্ষার্থীদের প্রযুক্তি ও রোবটিক্স চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘এসইউ ইনোভেশন হাব’-এর কার্যক্রমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা।

গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কোঅর্ডিনেটর নুরুজ্জামান রাকিব। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও কোঅর্ডিনেটর ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম।