সরকারি কাজে বাধা

বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জন কারাগারে

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় বিজিবির করা মামলায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাঈম ও মতি রহমান এবং নীলফামারীর ডিমলা উপজেলার শাহাদাত হোসেন ও দুলাল মিয়া রয়েছেন।

বিজিবির অভিযোগ, বাউরা বাজার থেকে আটক করা ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম ছাড়িয়ে নিতে তারা কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করে সদস্যদের সঙ্গে বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হুমকি দেন। পরে তাদের আটক করে বিজিবি।

এ ঘটনায় বিজিবির এক হাবিলদার বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত ও ক্ষতিসাধনের হুমকির অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করেন। বুধবার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজিবি জানিয়েছে, এ সময় ড্রেজার মেশিন, তেলের ড্রাম, পাইপ, অটোভ্যান, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।