ঢাকার মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে। যাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা দিতে আইনি নোটিশে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম (রাশেদ) জনস্বার্থে এই আইনি ডিমান্ড নোটিশটি পাঠান।
অ্যাডভোকেট রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বরবরে পাঠানো এই নোটিশে দেশের প্রধান তিনটি মোবাইল অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। কিন্তু চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না বা কল কেটে যায়। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।