ভুয়া এআই কনটেন্ট নিয়ে ক্ষোভ ঝাড়লেন তানি লায়লা

বেঁচে আছেন রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ছড়ানো খবরটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন গুজব। কৃত্তিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা কিছু ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রুনা লায়লার একমাত্র কন্যা তানি লায়লা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা তানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব ভুয়া খবর ও কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই-নির্ভর ইউটিউব ভিডিও এবং মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তানি জানান, ব্যক্তিগতভাবে তিনি এসব ভুয়া কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করবেন। একই সঙ্গে রুনা লায়লাকে অনুসরণকারী সবাইকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

রুনা লায়লা

তানি লিখেছেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই—এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি।”

মায়ের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “তারা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।”

গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তানি। রুনা লায়লাকে নিয়ে কোনো খবর প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করে যথাযথ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন তিনি।

পরিবারের সঙ্গে রুনা লায়লা

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে রুনা লায়লা অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার মতো কিংবদন্তি শিল্পীকে নিয়ে মৃত্যুর মতো মিথ্যা ও স্পর্শকাতর তথ্য ছড়িয়ে পড়াকে পরিবারের জন্য অসম্মানজনক বলেও মনে করছেন তার মেয়ে।

এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতের বিভিন্ন আয়োজনে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক গানের অনুষ্ঠানেও অংশ নেন এই শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেছেন তিনি।