মিসরে ৪৩০০ বছরের প্রাচীন রহস্যের উন্মোচন

মিসরের সাক্কারা সমাধিক্ষেত্রে প্রায় ৪৩০০ বছরের পুরনো এক সমাধির সন্ধান মিলেছে। মিসরীয় ও স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকদের যৌথ দল এই আবিষ্কার করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর)  গালফ নিউজের খবরে বলা হয়েছে, সমাধিটি পঞ্চম রাজবংশের ফারাও জেদকারে ইসেসির সময়ের এক বিচারক ইউনমেনের। তিনি সাধারণ মানুষের অভিযোগ ও অসন্তোষ মিটমাটের দায়িত্বে ছিলেন। প্রাচীন মিসরের প্রশাসনে ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা এই দায়িত্ব থেকেই বোঝা যায়।

বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয় এবং মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক সর্বোচ্চ পরিষদের যৌথ দল সাক্কারার মারিয়েত এলাকায় সমাধিটি খুঁজে পেয়েছে। ভেতরে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ আছে। একটি ইউনমেনের, অন্যটি তার বাবা ইটির জন্য। ইটি ছিলেন জ্যেষ্ঠ লিপিকার। কৃষিজমি ও দেবদেবীর উদ্দেশে দেওয়া উপঢৌকনগুলো তদারকি করাই ছিল তাঁর কাজ।

সমাধির দেয়ালে দৈনন্দিন জীবন ও অন্ত্যেষ্টিক্রিয়ার নানা দৃশ্য খোদাই করা আছে। কৃষকদের কাজ, সেবকদের উৎসর্গের জিনিস বয়ে নিয়ে যাওয়া এবং মৃতের জন্য ধর্মীয় আচার পালনের ছবি স্পষ্ট। চার হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও অনেক চিত্র ও অলংকরণে এখনো আসল রং টিকে আছে। এতে প্রাচীন মিসরের শিল্পকৌশল ও অন্ত্যেষ্টিক্রিয়ার রীতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনমেনের কাজের সঙ্গে প্রাচীন মিসরের ‘মা’আত’ ধারণার ঘনিষ্ঠ যোগ ছিল। সত্য, ন্যায়বিচার, ভারসাম্য আর সামাজিক শৃঙ্খলাকেই মা’আত বলা হতো। দেশটির ধর্মীয় ও প্রশাসনিক ব্যবস্থায় এর বড় ভূমিকা ছিল।

ফারাও জেদকারে ইসেসি পঞ্চম রাজবংশের শেষ দিকের শাসক। এই সময়কাল খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের। তখন মিসরের প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়। কায়রোর দক্ষিণে অবস্থিত সাক্কারা ছিল প্রাচীন রাজধানী মেমফিসের বিশাল সমাধিক্ষেত্র। এখানে জোসারের স্টেপ পিরামিডসহ অনেক পুরনো স্থাপনা রয়েছে।

নতুন এই আবিষ্কার সাক্কারায় চলমান খননকাজেরই অংশ। মিসর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন আবিষ্কারগুলো তুলে ধরে আরও বেশি আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের চেষ্টা করছে।