‘শয়তানের নিঃশ্বাসে’ শিক্ষিকাকে সংজ্ঞাহীন করে স্বর্ণালংকার লুট

মাদারীপুরের রাজৈরে স্কোপোলামিন (শয়তানের নিঃশ্বাস) ছড়িয়ে এক শিক্ষিকার কাছ থেকে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার টেকেরহাট বন্দরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিউলি শিরিনের বাড়ি রাজৈর উপজেলার সীমান্তে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে।

জানা যায়, উপজেলার টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিউলি শিরিন সোনালী ব্যাংক টেকেরহাট শাখায় এসেছিলেন। ব্যাংকিং কাজ শেষ করে ভবন থেকে নেমে প্রধান সড়কে আসলেই এক ব্যক্তি সামনের এসে বলে ‘ম্যাডাম একটু দাড়ান, আপনার সঙ্গে কথা আছে।’ এরপরই সম্মোহনের মতো শিউলি শিরিন ওই ব্যক্তির সঙ্গে হাটতে থাকে।

হেটে সামান্য দূরে (ন্যাশনাল ব্যংকের পাশে সরু গলিতে) গিয়ে স্বর্ণালংকারসহ সবকিছু কেড়ে নিয় দ্রুত সটকে পড়ে চক্রটি। এ দলে ছিলেন এক নারীসহ তিনজন।

ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশপাশের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।