অবসর না নিয়েই ইংল্যান্ড যুব দলের কোচিং স্টাফে স্যাম বিলিংস

অবসর নেওয়ার আগেই নতুন ইনিংস শুরু করলেন স্যাম বিলিংস। সক্রিয় খেলোয়াড় হিসেবে মাঠের লড়াইয়ে থাকার মাঝেই পাকিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ডাগআউটে কোচিং স্টাফ হিসেবে দেখা যাচ্ছে এই ইংলিশ উইকেটকিপার-ব্যাটারকে।

ইংল্যান্ড যুব দলের কোচিংয়ে বিলিংসের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তার কাউন্টি ক্লাব কেন্ট। এই ক্লাবেই খেলছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

বিলিংস যেহেতু তিন বছর আগে লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, তাই কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন না। তবে জুলাইয়ে ভাইটালিটি ব্লাস্টে (ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে) হাসানের সতীর্থ হিসেবে তিন ম্যাচ খেলেছেন। 

ইংল্যান্ড-পাকিস্তান যুব ওয়ানডে আজ শুরু হয়েছে। স্বাগতিকদের দলে এমন নয় ক্রিকেটার আছেন, যারা গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে যুব টেস্টে খেলেছেন।

৩৫ বছর বয়সী বিলিংস হঠাৎ করেই কোচিংয়ে আসার পরিকল্পনা করেননি। সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে তাকে সর্বশেষ ২০২২ সালে দেখা গেলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন। ২০২৩ সাল থেকে কেন্টের সঙ্গে তার চুক্তিও সাদা বলের ক্রিকেটকেন্দ্রিক। বর্তমানে ক্লাবটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি।

কেন্ট জানিয়েছে, বিলিংস ও জো ডেনলি দুজনই সাদা বলের চুক্তিতে থাকা ক্রিকেটার। এ কারণে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে (প্রথম শ্রেণির টুর্নামেন্ট) খেলছেন না। 

বিলিংস এবার এই সময়টুকু কাজে লাগাচ্ছেন ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের সঙ্গে কাজ করে। তবে কোচিংয়ে হাতেখড়ির সঙ্গে তার খেলোয়াড়ি জীবনের ইতি হিসেবে দেখার সুযোগ নেই।