প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেছেন, সংসদ অধিবেশন চলাকালীন সময়ে নামাজের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়। আমাদের অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ। তাদের জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। প্রধানমন্ত্রীও জামাতের সঙ্গে নামাজ আদায় করা ফিল করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারবেন না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির আরও বলেন, আমরা সবাই একদিন মরে যাব। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে। সেদিন আমরা সবাই বিপদে পড়ে যাব। অতএব আমরা নিজেরা নামাজ পড়ি, দেশে যাতে নামাজ কায়েম হয়। আমাদের সন্তানরা যেন ৫ বছর থেকেই নামাজের প্রশিক্ষণ পায়।
তিনি আরও বলেন, সন্তানের ১০ বছর হয়ে গেলে তাকে যাতে প্রশাসনিকভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করা, জাকাতের বিধান কায়েম করা হোক। নামাজের বিধান কায়েম করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করার ব্যবস্থা করুন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদ সদস্য এটা তো একটা ধর্মীয় ব্যাপার। প্রত্যেকের স্বাধীনতা আছে- নিজ নিজ ধর্ম পালন করার জন্য এবং ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে। আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে। ধর্মীয় এই বিধানের ব্যাপারে সব সংসদ সদস্য অবগত আছেন। আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ মেনে চলবেন।