চট্টগ্রামে ট্যাংক প্রশিক্ষণকালে সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক পিয়াস নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবারের (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলা ছোড়ার একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিয়াসসহ দুই সেনাসদস্য প্রাণ হারান। আহত সেনাকর্মকর্তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব ও পারভিন আক্তার দম্পতির একমাত্র ছেলে। চার বোনের একমাত্র এই ভাই ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছিলেন। চাকরির সুবাদে তিনি স্ত্রী শুরাইয়া আক্তার ও এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান হারুন জানান, বৃহস্পতিবার পিয়াসের মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। একমাত্র ছেলের মৃত্যুর খবরে বাবা আব্দুল ওয়াহাব তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে ছুটে যান। আকস্মিক এ দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।