মার্কিন নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ ‘অবিলম্বে’ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ইরান আর বেশিদিন টিকে থাকতে পারবে না এবং তারা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠেছে। তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা গোপন বৈঠকে সতর্ক করেছেন, এই লড়াই তার বাকি মেয়াদের দুই বছর পর্যন্ত গড়ায়তে পারে।

একই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ড ইরানকে তাদের পরমাণু সংক্রান্ত শর্ত অমান্যের অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩টি ভোট পড়ে এবং রাশিয়া, চীন ও নাইজার এর বিপক্ষে ভোট দেয়। আইএইএ-তে নিযুক্ত ইরানের প্রতিনিধি জানান, এই সিদ্ধান্ত মার্কিন চাপের মুখে নেওয়া হয়েছে এবং এর কোনো ভিত্তি নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ায় সৈন্য পরিদর্শনের সময় দাবি করেন, ইরানি শাসনব্যবস্থা ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

আমেরিকান সামরিক বাহিনী পাঁচটি ইরানি তেল ট্যাঙ্কার ধ্বংস করার পর চলমান লড়াই আরও তীব্র রূপ নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা চালালেই ইরানকে আরও ট্যাঙ্কার হারাতে হবে। 

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ এবং মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতে রেখে নৌ চলাচল থমকে দিয়েছে এবং বাণিজ্যিক জাহাজের জন্য অনুমতি ও ফি বাধ্যবাধকতামূলক করেছে।

সূত্র: এনডিটিভি