ঢাকার আবহাওয়া নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে সংস্থাটি।