সাইবার অনিয়ম ও ভয়েস ফিশিং অপরাধে জড়িত থাকার সন্দেহে ১২ জন দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থাইল্যান্ড পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইয়োনহাপ বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যাংককের দক্ষিণে সামুত প্রাকান প্রদেশের একটি বিলাসবহুল বাড়িতে পরিচালিত কল সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযানে তাদের পাশাপাশি একজন চীনা নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ কল সেন্টারের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কম্পিউটার, মোবাইল ফোন, প্রতারণার স্ক্রিপ্ট এবং দক্ষিণ কোরিয়ার ভুক্তভোগীদের একটি তালিকা উদ্ধার করে। অভিযুক্তরা প্রতিবেশীদের সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছিল বলে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের সরকারি কর্মকর্তা বা কৌঁসুলি পরিচয় দিয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের লক্ষ্য করে ভয়েস ফিশিং চালাত। থাইল্যান্ডে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূতাবাস আটক ব্যক্তিদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছে এবং স্থানীয় তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, থাইল্যান্ডের সীমান্তবর্তী কম্বোডিয়া ও মিয়ানমার বৈশ্বিক রোম্যান্স স্ক্যাম ও বিনিয়োগ প্রতারণায় জড়িত অপরাধী চক্রের প্রধান ঘাটিতে পরিণত হয়েছে। এর প্রেক্ষিতে গত বছর থেকে থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া ভয়েস ফিশিং চক্রের বিরুদ্ধে যৌথ তদন্ত জোরদার করে।
সূত্র: আনাদোলু এজেন্সি