ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। অভিযানে ৪৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথক ওই অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৪৭১টি মামলা হয়েছে। যার মধ্যে ৩৪টি বাস ছাড়াও ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেল রয়েছে। 

পাশাপাশি একই দিন ট্রাফিক-উত্তরা বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৮টি বাস ছাড়াও ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তরা ও মিরপুরের পাশাপাশি ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০৪টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক-গুলশান বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩১১টি এবং ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬৫টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১১৯টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।