“উত্তরের সমীরণে যুক্তির আলো” প্রতিপাদ্যে আগামী ১১ সেপ্টেম্বর রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৬। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), রংপুর জোনের আয়োজনে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিতার্কিক এবং বিতর্কপ্রেমীরা এতে অংশগ্রহণ করবেন।
আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিতার্কিকদের পরিচালনায় আন্তর্জাতিক ও জাতীয় ফরম্যাটের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলা সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট ও ওয়ার্ল্ড ফরম্যাট, এআই ও বিতর্কের ভবিষ্যৎ এবং বিতর্কশিল্পে আবৃত্তির প্রভাব বিষয়ে বিশেষ প্রশিক্ষণ অধিবেশন থাকবে।
প্রতিযোগিতামূলক আয়োজনের মধ্যে রয়েছে বারোয়ারী বিতর্ক, কুইজ, পাবলিক স্পিকিং ও প্রদর্শনী বিতর্ক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দেশের একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, জাতীয় টেলিভিশন বিতর্ক চ্যাম্পিয়ন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।
প্রশিক্ষক হিসেবে থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপের বিতার্কিক এনডিএফ বিডি মেন্টর শাইয়ান সাদিক ইশতি, পাবলিক স্পিকিং প্রশিক্ষক ইঞ্জি. ফারসিমা রিয়াসাত এবং রংপুরের আবৃত্তিকার কাজল রায়।
বাংলা সংসদীয় বিতর্কবিষয়ক অধিবেশনে বিতর্কের কাঠামো, নিয়ম, যুক্তি নির্মাণ ও কৌশল শেখানো হবে। “AI, Debate and the Future” অধিবেশনে এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যতের বিতর্কচর্চায় এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট ও ওয়ার্ল্ড ফরম্যাট অধিবেশনে আন্তর্জাতিক বিতর্কের বিভিন্ন ধরন, বিশেষ করে বিপি ফরম্যাটের কাঠামো, নিয়ম ও মৌলিক ধারণা তুলে ধরা হবে। বিতর্কশিল্পে আবৃত্তির প্রভাববিষয়ক অধিবেশনে শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ, বাচনভঙ্গি, আবেগ এবং কার্যকর উপস্থাপনায় আবৃত্তির ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই উত্তরাঞ্চলের মেধাবীতে সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করবে সহজতা দিক আলোকিত মেধাবী যুক্তিবাদী তরুণ প্রজন্ম। এই বৃহৎ বিতর্ক উৎসবে সভাপতির আসনে আলোকিত করবেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল কর্নেল মো. আহসানুল কবির।
আয়োজনের আহ্বায়ক জয় লালা বলেন, “এই আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা দেশের অভিজ্ঞ বিতার্কিক ও প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পাবে। একই সঙ্গে তাদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের একটি কার্যকর ক্ষেত্র তৈরি হবে।”
অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম ৩০ আগস্ট শুরু হয়েছে এবং চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, বাংলা নিউজ টোয়েন্টিফোর ও সভ্যতা টিভি।