বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’ মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় তার জালে ধরা পড়ে বিরল আকৃতির এই রাজা ইলিশটি।
পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হলে মৎস্য আড়তদার ‘নিউ আলামিন ফিশের’ মালিক মো. টিপু খান নিলামের মাধ্যমে ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আড়তদার টিপু খান জানান, দুই কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশের প্রতি মণের দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানো হবে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, গত দুই বছরের মধ্যে এত বড় আকৃতির ইলিশ এই ঘাটে দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই রাজা ইলিশটিই গত দুই বছরের মধ্যে ঘাটের সবচেয়ে বড় ও সেরা মাছ।
বিরল আকৃতির এই ইলিশ দেখতে বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ।