গতবার ব্যালন ডি’অর উঠেছিল উসমান ডেম্বেলের হাতে। সেই লড়াইয়ে দ্বিতীয় হয়েছিলেন লামিন ইয়ামাল। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও পুরস্কারটির জন্য মনোনয়ন পেয়েছেন এই স্প্যানিশ তারকা। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক মনে করেন, ইয়ামালের হাতেই ওঠা উচিত ট্রফিটি।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেন ইয়ামাল। ক্লাবের হয়ে জেতেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। আর স্পেনের হয়ে ১২ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেন তিনি। সেইসঙ্গে জেতেন পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার।
নতুন মৌসুমের শুরুটাও দুর্দান্ত হয়েছে ইয়ামালের। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেইনুর্ডের বিপক্ষে বার্সেলোনার ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের জ্বলে ওঠেন তিনি। দুটি অ্যাসিস্টের সঙ্গে করেন একটি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে।
ম্যাচের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানান, এবারের ব্যালন ডি’অর ইয়ামালের প্রাপ্য। তিনি বলেন, ‘অবশ্যই সে (ইয়ামাল) আমার খেলোয়াড়, বার্সেলোনার একজন খেলোয়াড়। তার ব্যালন ডি’অর জেতা উচিত। আপনারা প্রতি ম্যাচেই দেখবেন, সে স্পেশাল। তার মতো আর কেউ নেই। আমি মনে করি, এটা তার প্রাপ্য।’
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ফেভারিট ভাবা হচ্ছে হ্যারি কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে তিনি ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠায় ছিল তার বড় অবদান।
প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।