এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে ঘিরে বিভাগীয় শাস্তির মুখে পড়া আরও তিন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চলমান সব ধরনের বিভাগীয় মামলার দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

দণ্ড মওকুফ পাওয়া ৩ কর্মকর্তা হলেন, কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার নুশরাত জাহান শমী, চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান ও কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।

এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে এর আগে একই ধরনের অভিযোগে শাস্তি পাওয়া আরও ২১ কর্মকর্তার দণ্ডও পৃথক পৃথক আদেশের মাধ্যমে মওকুফ করা হয়েছিল। নতুন করে তিন কর্মকর্তার শাস্তি বাতিল হওয়ায় এ পর্যন্ত মোট ২৪ জন কর্মকর্তা বিভাগীয় দণ্ড থেকে রেহাই পেলেন।

২০২৫ সালে এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনে অংশ নেওয়া, বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এসব মামলার পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। শাস্তি হিসেবে তাদের বেতন স্কেল ২ থেকে ৩ ধাপ অবনময়ন করা হয়েছিল। 

পরে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েকজন রাষ্ট্রপতির কাছে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের আবেদন মঞ্জুর করায় সংশ্লিষ্ট দণ্ডাদেশ বাতিল এবং কয়েকজনকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।