বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে সুমন সিকদার (৪০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সিকদার উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মা মনোয়ারা বেগমের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তার ছেলে সুমনের তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তার সমর্থক মনা তালুকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। পরে সুমনের মৃত্যু হয়েছে মনে করে তাকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে তারা চলে যান।

স্থানীয়রা ও নিহতের ছেলে তানভীর সিকদার জানান, কিছুদিন আগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদার তার মা মনি বেগমকে নিয়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে সুমনের সঙ্গে মনা তালুকদারের বিরোধ তৈরি হয় বলে তারা দাবি করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পুকুর থেকে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ কী এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।