অবশেষে মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ে ভেসে আসা মৃত তিমিটি অবশেষে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। বন বিভাগের তত্ত্বাবধানে এক্সকাভেটর দিয়ে নদীর পাড়ের চরে গর্ত করে তিমিটিকে পুঁতে ফেলা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩২ ফুট এবং আনুমানিক ওজন ৫ থেকে ৬ টন। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে গভীর বঙ্গোপসাগরে তিমিটির মৃত্যু হয়। পরে ভাসতে ভাসতে গত ৯ সেপ্টেম্বর তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ের জঙ্গলের বালুচরে এটি আটকা পড়ে।

মৃত তিমিটি দেখতে স্থানীয়রা জড়ো হলে এলাকায় মাইকিং করা হয়। খবর ছড়িয়ে পড়ার পর নারী-পুরুষসহ হাজারো উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিমির দেহ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ সৃষ্টি হয়।

পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ এক্সকাভেটর দিয়ে গর্ত খুঁড়ে তিমিটিকে মাটিচাপা দেয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।