বডি শেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেহনাজ গিল

বডি শেমিং নিয়ে কম বেশি সব অভিনেত্রী ট্রলের শিকার হন। বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নাই। বিগ বস ১৩-এ অংশ নেওয়ার পর নিজের শরীর ও কথা বলার ধরন নিয়ে এই অভিনেত্রীও ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিগ বসে থাকার সময় শরীর নিয়ে তাকে ব্যাপকভাবে ট্রল করা হতো। শুধু শরীর নয়, তার কথা বলার ধরন ও ভাষা নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। এমনকি তাকে ‘আনপাড় গাঁওয়ার’ অর্থাৎ অশিক্ষিত ও অমার্জিত বলেও মন্তব্য করেছিলেন অনেকে। 

সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী জানান, বিগ বসে থাকাকালে তার শরীর নিয়ে অনেক ট্রল করা হয়েছে। ভাষা নিয়েও তাকে ব্যাপকভাবে কটাক্ষ করা হয়েছে।

বিগ বস থেকে বের হওয়ার পর নিজের ওজন কমানোর প্রসঙ্গও তুলে ধরে শেহনাজ জানান, ওজন কমিয়ে তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে ওজন কমানো খুব কঠিন কোনো বিষয় নয়।

কেউ নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকলে এবং নিজেকে সেভাবেই ভালো লাগলে তাতেও কোনো সমস্যা নেই বলেও জানান এই অভিনেত্রী।

শেহনাজ বলেন, সমাজে নারীদের একটি নির্দিষ্ট শারীরিক গড়ন, বিশেষ করে ‘আওয়ারগ্লাস ফিগার’-এর প্রতি অতিরিক্ত আগ্রহ রয়েছে। 

বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, সবার শরীরের গড়ন তো এক রকম নয়। কোনো একটি নির্দিষ্ট গড়নকেই কেন সৌন্দর্যের আদর্শ হিসেবে ধরা হবে?

তিনি বলেন, কেউ যদি এমন একটি প্রবণতা শুরু করেন যে স্বাস্থ্যকর শরীরই ভালো, তাহলে সেটিও একসময় জনপ্রিয় হয়ে উঠতে পারে। তবে সেই পরিবর্তনের শুরুটা কাউকে না কাউকে করতে হবে।

নিজের ওজন নিয়ে মানুষের দ্বিমুখী আচরণের কথাও তুলে ধরেন শেহনাজ। তার ভাষ্য, তিনি কিছুটা ওজন কমালে অনেকে প্রশ্ন করেন, কেন ওজন কমিয়েছেন এবং এতে তাকে ভালো দেখাচ্ছে না। আবার ওজন বাড়লে একই মানুষজন তাকে ‘মোটা’ বলে নিজের ওপর কাজ করার পরামর্শ দেন।

এমন পরিস্থিতিতে শেহনাজের প্রশ্ন, ‘দুনিয়া আসলে কী চায়?’

অভিনেত্রী জানান, শরীর নিয়ে মানুষের এমন মন্তব্যের চেয়ে নিজের স্বাস্থ্য ভালো আছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা না থাকলে নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকাই উচিত।

উল্লেখ্য, বিগ বস ১৩-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ গিল। পরে অভিনয় ও গানের পাশাপাশি বলিউডেও কাজ শুরু করেন তিনি। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ‘হসলা রাখ’, ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন শেহনাজ। একইসঙ্গে ‘দেশি ভাইবস উইথ শেহনাজ’ নামে একটি সেলিব্রিটি চ্যাট শোও উপস্থাপনা করেন তিনি।