আগামী ডিসেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কোচ লিওনেল স্কালোনির। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পরই তিনি ডিসেম্বরের পর বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্বকাপজয়ী এই কোচের চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার সহকারী এক কোচের বিদায়ের খবর সামনে এসেছে।
আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করছেন স্যামুয়েল ওয়াল্টার। যাকে কর্নার কিংবা ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার অভূতপূর্ব উন্নতির পেছনে ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্যামুয়েলের বিদায়ের বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে অনেকটাই জানা ছিল। তার বর্তমান চুক্তির মেয়াদও আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে। স্কালোনি জাতীয় দলের সঙ্গে থাকুন বা না থাকুন, ২০২৭ সালে স্যামুয়েলকে আর কোচিং স্টাফে দেখা যাবে না।
৪৮ বছর বয়সী এবং আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ স্যামুয়েল এখন আর স্কালোনির ছায়ায় বা সহকারী হিসেবে থাকতে চান না। প্রধান কোচের সহযোগী হয়ে থাকার সময় শেষ হয়েছে। তাই তিনি জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে ইউরোপে কোচিং বা ম্যানেজার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। আগামী মাসগুলোতে তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি চালিয়ে যাবেন, যাতে আগামী বছর কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন।
এদিকে, স্কালোনির অপর দুই সহকারী কোচ ও বন্ধু পাবলো আইমার ও রবার্তো আয়ালার ভবিষ্যৎ পরিকল্পনা এখন পর্যন্ত অজানা। সে হিসেবে তারা এখনও আর্জেন্টিনা জাতীয় দলের কাঠামোবদ্ধ প্রক্রিয়ারই অংশ। তবে স্কালোনির সিদ্ধান্ত তাদের গন্তব্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। স্কালোনি জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে গেলে নিজেদের ক্যারিয়ারের তাৎক্ষণিক সম্ভাবনাগুলো বিবেচনা করে দেখতে হবে আইমার-আয়ালাকে।