ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদার নামে এক চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোবারক সরদারের এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। তার পাঁচ ছেলে-মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার এক স্বজনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যান। সে সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। সেখানে তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ঘটনাটি মুঠোফোনে ভিডিও করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেন।

তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন বলে অভিযোগ। এর পরই বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং তাদের দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন।