টেকনাফের নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে তারা চার ঘণ্টা নিখোঁজ ছিলো। তারা হলেন- টেকনাফ শাহ পরীর দ্বীপের মোহাম্মদ উল্লাহ'র ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহ'র ছেলে আরজিন (১০)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহ জানান, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মোহাম্মদ নিশান ও আরজিন সহ কয়েকজন বন্ধু গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে জেলেরা নৌকা নিয়ে নাফ নদীতে তল্লাশি শুরু করেন। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর, দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির এলাকার নাফ নদী থেকে দুই কিশোরের উদ্ধার করা হয়। উদ্ধারের সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন মোহাম্মদ নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা যায় এবং নিশানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, মো. নিশানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত পানি ফুসফুস ও পেটে প্রবেশের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।