পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে মাত্র দুই মাস আগে স্পেনে পাড়ি জমিয়েছিলেন ২৫ বছর বয়সী তরুণ ইউসুফ হাসান আলিফ। কাজের আনুষ্ঠানিক অনুমতি মেলার মাত্র দুদিনের মাথায় অগ্নিকাণ্ডে নিভে গেল তার প্রাণ। জীবনের সব স্বপ্ন হারিয়ে শেষ পর্যন্ত কফিনবন্দী হয়েই জন্মভূমিতে ফিরলেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আলিফের মরদেহ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জুমা উত্তরগাঁও উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আলিফ কালীগঞ্জের উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। স্পেনের মাদ্রিদে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।
গত ৩০ আগস্ট (রোববার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি সাইকেল গ্যারেজে আগুন লাগে। গ্যারেজের ভেতরে আটকা পড়েন আলিফ। চারদিকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনি সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আকুল বার্তা পাঠান—আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে। সেটিই ছিল তার জীবনের শেষ বার্তা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জরুরি সেবার ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিষাক্ত ধোঁয়া ও শ্বাসনালী পুড়ে ঘটনাস্থলেই মারা যান আলিফ।
ঘটনার পর গত ৪ সেপ্টেম্বর মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে ১০ সেপ্টেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
শুক্রবার সকাল ৬টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক নজর দেখতে ভিড় জমান স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আলিফের অকালমৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, সকালে আলিফের মরদেহ তার নিজ বাসভবনে পৌঁছায় এবং স্থানীয়দের অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।