দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি করে ভোটার হতে যাওয়ার ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মনির হোসেনকে (৫২) এবং সাইদুর জামান সুমনকে (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিন হোসেন বোরহান নামে এক যুবক বিরামপুর নির্বাচন অফিসে এসে বিরামপুরের ঠিকানা ব্যবহার করে জাল নাগরিকত্ব সনদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভোটার হতে যান। তার দাখিল করা নাগরিকত্ব সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষরটি জাল সন্দেহে মুহিনের বাবা মনির হোসেনকে (৫২) আটক করা হয়। পরে মনির হোসেনের স্বীকারোক্তি মতে জাল সনদ তৈরিকারক বিরামপুর নতুন বাজার সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) তলব করে তাকেও আটক করা হয়।
এই ঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে সেদিন রাতে থানায় মামলা করেছেন। স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে জাল সনদকে আসল হিসেবে ব্যবহার করার অভিযোগে মামলার পর সুমনের দোকানের ব্যবহৃত কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরামপুর পৌর প্রশাসকের জাল স্বাক্ষরে নাগরিকত্ব সনদ তৈরি সংক্রান্ত মামলায় আটক দুই ব্যক্তিকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।