লিভারপুলের জার্সিতে মাঠ মাতিয়ে ২০১৮ সালে বার্সেলোনায় পাড়ি জমান ফিলিপে কৌতিনহো। সেখানে গিয়ে ধীরে ধীরে নিজের চেনা ছন্দ হারাতে থাকেন এই ব্রাজিলিয়ান। পরবর্তী সময়ে জাতীয় দলেও নিজের জায়গা হারান কৌতিনহো।
শৈশবে ভাস্কো দা গামার হয়ে বেড়ে উঠেছিলেন কৌতিনহো। আর তার ঘনিষ্ঠ বন্ধু নেইমার জুনিয়র তখন প্রতিদ্বন্দ্বী ক্লাব সান্তোসের হয়ে আলো ছড়াচ্ছিলেন। দীর্ঘ সময় পর এবার সেই সান্তোসেই আবারও একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়েছে দুই বন্ধুর।
দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষ পর্যন্ত একটি চুক্তিতে উভয়পক্ষ সম্মত হয়েছে।
৩৪ বছর বয়সী কৌতিনহোর ওপর ভর করে নিজেদের দুর্দশা কাটাতে চায় সান্তোস। গত মৌসুমে তাদের রেলিগেশন থেকে উদ্ধারে চোট নিয়েও খেলেছিলেন নেইমার, তাতে সফলও হয়েছেন। এবারের ব্রাজিলেইরাও-তে ২৫ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ের পর তাদের অবস্থান ১৩তম।
চমকপ্রদ এই দলবদলের মূল কারণ ছিল নেইমারকে ঘিরে আসা এক দুর্ভাগ্যজনক খবর। নেইমার ক্লাবকে তার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সান্তোসে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি তার ডান উরুর ‘রেকটাস ফেমোরিস’ পেশিতে ‘গ্রেড ২বি’ পর্যায়ের চোট পেয়ে বড় সময়ের জন্য ছিটকে গেছেন নেইমার। ফলে শীর্ষ স্তরের প্রতিযোগিতায় দলের সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে সান্তোস দ্রুত পদক্ষেপ হিসেবে তার শৈশবের বন্ধু কৌতিনহোকে নিয়েছে।