ব্রাহ্মণবাড়িয়ায় ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেউ গেয়েছেন গান, কেউ করেছেন কবিতা আবৃত্তি। কেউ রং তুলির আঁচড়ে এঁকেছেন বিভিন্ন দৃশ্য; অভিনয়ও করেছেন কেউ কেউ। শুদ্ধ বানান লিখেও অংশ নিয়েছেন একদল। মাসব্যাপী চলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিশু থেকে স্নাতক শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে বিভিন্ন ধাপে জয়ী ৭৫ জন পেলেন পুরস্কার।

ব্রাহ্মণবাড়িয়ার ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্র এটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ধাপে জয়ী ৭৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের চেয়ারম্যান তারিকুল ইসলাম ও ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাহিত্য একাডেমির সাধারণ আশরাফ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা সংগঠনের প্রশিক্ষক নুসরাত জাহান বুশারা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ‍ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, শিশু থেকে স্নাতক শিক্ষার্থীদের মেধা বিকাশে এই অনুষ্ঠানের জন্য সাহিত্য একাডেমিকে ধন্যবাদ। এই অনুষ্ঠান শিশু থেকে শুরু করে বড় শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞান প্রসারে সহায়তা করবে। সাংস্কৃতিক চর্চা মানুষ মননশীলতা পরিপূর্ণ করে আলোর দিকে পরিচালিত করে।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রায় এক মাসে জেলার কিন্ডার গার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থী সাহিত্য একাডেমির আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল কবিতা আবৃত্তি, শুদ্ধ বানান, সঙ্গীত, চিত্রাঙ্গণ ও অভিনয়। কেউ কবিতা আবৃত্তি করেছেন, কেউ শুদ্ধ বানান লিখেছেন, কেউ গান গেয়েছেন, আবার কেউ রং তুলির আচড়ে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন চিত্রাঙ্কন, কেউ কেউ করেছেন অভিনয়ও।

জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভ: মডেল গার্লস হাইস্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি হাই স্কুল, সূর্যমুখী কিন্ডারগার্টেন, খ্রীষ্টিয়ান মিশন প্রাইমারি স্কুল, আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল, পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, দি ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, আখাউড়া শহীদ স্মৃতি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সেন্ট্রাল কলেজে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শিশু থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্যে জয়ী ৭৫জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।