২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে মারামারিতে জড়ান দুই দলের ফুটবলাররা। সেই ঘটনা টেনে এবার আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে রুইজ বলেন, ফাইনালের পরের সেই দৃশ্য বিশ্ব ফুটবলের জন্য মোটেও সুখকর নয়। বিশেষ করে উঠতি ফুটবলাররা সেই সংঘর্ষ থেকে ভালো উদাহরণ পায়নি বলেই মনে করছেন ক্লাব পর্যায়ে পিএসজির হয়ে খেলা এই তারকা ফুটবলার।
রুইজ বলেন, ‘এটি এমন একটি দৃশ্য, যা সবাই দেখেছে এবং কেউই দেখতে পছন্দ করে না। ফুটবল অনুসরণ করে এমন অনেক ছোট শিশু আছে, তাদের সামনে আমাদের এমন কিছুকে উদাহরণ হিসেবে তুলে ধরা উচিত নয়।’
এরপরই আর্জেন্টিনাকে খোঁচা মেরে রুইজ বলেন, ‘জিততে জানতে হবে, হারতেও জানতে হবে। কেউই হারতে পছন্দ করে না, কিন্তু বিশ্বকাপের ফাইনালে যা ঘটেছে, সেটি ছিল দুর্ভাগ্যজনক একটি মুহূর্ত।’
রুইজ অবশ্য ফাইনালের পরের সেই ঘটনা দীর্ঘায়িত করতে চান না। তিনি বলেন, ‘আমরা সবসময় ভালো উদাহরণ স্থাপনের চেষ্টা করি, কারণ ছোট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সবাই ফুটবল দেখে। এটি এমন একটি মুহূর্ত ছিল, যা কেউই উপভোগ করেনি। তবে আশা করি, সময়ের সঙ্গে এটি ভুলে যাওয়া হবে এবং মানুষের স্মৃতিতে থেকে যাবে আমাদের অবিস্মরণীয় উদ্যাপন।’