দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, বাড়ির আঙিনা, ফুলের টব ও পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এটি আয়োজিত হয়।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশী। ডেঙ্গু প্রতিরোধে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন। এই কার্যক্রম শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি পরাশক্তিকে প্রতিরোধ করে দেশ স্বাধীন করেছে, ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, সেভাবেই ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি বলেন, দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। আগের সরকার কোনো টিকা রেখে যায়নি। এ কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর সারা দেশে ব্যাপক আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। এ কাজে সহযোগিতা করার জন্য দলের নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।